ডিজিটাল হচ্ছে ভোমরা স্থলবন্দর

৩০ মে, ২০২৩ ০১:৫৬  

ডিজিটাল হচ্ছে দেশের দক্ষিণ-পশ্চিমের সাতক্ষীরা জেলায় অবস্থিত ভোমরা স্থলবন্দর। এজন্য ঢাকায় হোটেল সোনারগাঁওয়ে সোমবার (২৯ মে) ‘ডিজিটালাইজেশন অব দ্যা বর্ডার প্রসিডিউরস অ্যাট ভোমরা ল্যান্ডপোর্ট’ শীর্ষক প্রকল্পের উদ্বোধন করেছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। প্রকল্পটির বাস্তবায়ন হলে, পণ‍্য ও যাত্রী পরিবহনে সময় ও অর্থ সাশ্রয় হবে উল্লেখ করে অনুষ্ঠানে নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, ভোমরা স্থলবন্দরের ডিজিটালাইজেশন প্রকল্পটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে একটি আধুনিক, সমৃদ্ধশালী এবং উন্নত রাষ্ট্রে পরিণত এবং স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। প্রকল্পটি বাস্তবায়নের মাধ্যমে প্রতিবেশী দেশের সাথে প্রযুক্তিনির্ভর বাণিজ্যিক কার্যক্রম ও কানেক্টিভিটি সম্প্রসারণে একটি নতুন মাইলফলক স্থাপিত হলো।

তিনি আরো বলেন,  প্রকল্পটি বাস্তবায়িত হলে বন্দরের সকল সেবা স্মার্ট গভর্ন্যান্সের মাধ্যমে পরিচালিত হবে এবং সকল সেবাগ্রহীতা হবেন স্মার্ট সিটিজেন। আমাদের সকল নাগরিক অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে বন্দরে সেবা গ্রহণ করবেন।

অনুষ্ঠানে স্থলবন্দরের ফ্যানসিলিটি চার্জসহ অন্যান্য চার্জ 'একপে'র মাধ্যমে গ্রহণ করার লক্ষ্যের এটুআই প্রোগ্রাম এবং বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের মধ্যে পারস্পরিক সমঝোতা স্মারকপত্র স্বাক্ষরিত হয়।  এছাড়া স্থলবন্দরের ফ্যাসিলিটি চার্জসহ অন্যান্য চার্জ 'বিকাশ'  কিউআর কোডের মাধ্যমে মাধ্যমে গ্রহণ করতে 'বিকাশ' ও বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের মধ্যে পৃথক আরো একটি পারস্পারিক সমঝোতা স্মারকপত্র স্বাক্ষরিত হয় এবং আখাউড়া স্থলবন্দর দিয়ে ভ্রমণকারী ও পর্যটকদের উন্নত সেবা প্রদান এবং ভ্রমণ স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে একটি 'হেল্প ডেস্ক' প্রতিষ্ঠা করতে বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষ এবং 'টুয়েলভ ইভেন্টস এমজিএ'র মধ্যে পারস্পারিক চুক্তিপত্র স্বাক্ষরিত হয়।

চুক্তিতে বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মো.আলমগীর, এটুআই প্রোগ্রামের পক্ষে প্রকল্প পরিচালক  ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবির, 'বিকাশ' লিমিটেডের এডভাইজার মো.আব্দুল আজিজ খান এবং 'টুয়েলভ ইভেন্টস এমজিএ'র পক্ষে ম্যানেজিং পার্টনার উইং কমান্ডার এ টি এম নজরুল ইসলাম স্বাক্ষর করেন।

স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান আলমগীরের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মো. মোস্তফা কামাল, সুইস ফাউন্ডেশন ফর টেকনিক্যাল কোঅপারেশনের (সুইসকন্টাক্ট) পরিচালক স্টিফানি ড্রিফাস, গ্লোবাল অ্যালাইয়েন্স ফর ট্রেড ফেসিলিটেশনের (জিএটিএফ) পরিচালক ফিলিপ আইলার, সুইসকন্টাক্টের কান্ট্রি ডিরেক্টর মুজিবুল হাসান এবং প্রকল্প পরিচালক ডি এম আতিকুর রহমান।